আরব আমিরাতে প্রথমবার লটারি কিনেই বাজিমাত বাংলাদেশির!
- আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মনসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী এই ২৫০ গ্রাম সোনার দাম ৪০ লাখ টাকার সমান।
রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
আরব আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন মনসুর। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে। জীবনে প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন মনসুর; আর প্রথমবারেই করে ফেললেন বাজিমাত।
তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে মিলে এই টিকিটটি কেনেন। এখন তারা সবাই পুরস্কারের অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।
লটারিতে সোনা জেতার পর মনসুর বলেন, আমি আমিরাতে চার বছর ধরে আছি। আজ আমি অনেক খুশি। আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, প্রথমবারই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি এবং কৃতজ্ঞ।
১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মনসুর বলেন, আমরা সোনা ভাগ করে নেওয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমন এক অভিজ্ঞতা, যা আমরা কখনো ভুলব না।




























