দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ
- আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, দেশবিরোধী, স্বাধীনতা বিরোধীসহ যত ষড়যন্ত্রই আসুক ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা আজ শপথ নিতে চাই।
১২ দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন। ইনশাআল্লাহ আগামী দিনেও বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায় পাশে থাকবেন।
বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ কী ধরনের হবে? তার প্রতিটি জিনিস ৩১ দফায় রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে থেকে এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব; যাতে করে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের দোসররা ফাঁক-ফোঁকর দিয়ে সেখানে ঢোকার সুযোগ না পায়।
১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।























