পবিত্র শবেবরাত আজ
- আপডেট সময় : ০৫:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে

ছবি :সংগৃহীত
পবিত্র শবেবরাত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই আসে পবিত্র রমজান। ফলে শবেবরাত থেকেই অনেকের রমজানের প্রস্তুতি শুরু হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন।
ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা সৌভাগ্য। আরবিতে এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। শবেবরাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন।
এ রাতে তারা মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রসহ সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। শবেবরাতের আগের দিন বা পরদিন রোজা রাখা সুন্নত হওয়ায় অনেক মুসলমান দুই দিন রোজা পালন করে থাকেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
বাণীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান।



















