ভালুকের আক্রমণে দিশেহারা জাপান, সেনা মোতায়েন
- আপডেট সময় : ০৮:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভালুকের আক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামলাতে সরকার সেনা মোতায়েন করেছে।
বুধবার (৫ নভেম্বর) কাজুনো শহরে এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
দেশটির পরিবেশ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই বছর এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত ভালুকের হামলায় রেকর্ড ১২ জন নিহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছিল স্থানীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতেই সরকার দ্রুত সেনা নামানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের দুই-তৃতীয়াংশ আকিতা প্রিফেকচারে, যেখানে কাজুনো এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত। কাজুনোর মেয়র শিনজি সাসামোতো জানান, শহরবাসী প্রতিদিন আতঙ্কে রয়েছেন, যার ফলে বাসিন্দারা সন্ধ্যায় বাইরে যাওয়া বন্ধ করতে এবং অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন।
বসনিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১১
তিনি আরও জানান, কাজুনো শহরে সামরিক পোশাক ও মানচিত্র নিয়ে প্রায় ১৫ জন সেনা সদস্য এসেছেন। সেনারা ভালুক ধরার জন্য ব্যবহৃত ফাঁদগুলো আনা-নেওয়া, বসানো এবং পরীক্ষা করতে সাহায্য করবেন। তবে ভালুক শিকারের কাজটি প্রশিক্ষিত শিকারিরাই করবেন।
আকিতা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ভালুক দেখা যাওয়ার ঘটনা ছয় গুন বেড়ে ৮ হাজার ছাড়িয়ে গেছে, যার ফলে প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের আত্মরক্ষা বাহিনীর কাছে সাহায্য চেয়েছিলেন।
উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব কেই সাতো টোকিওতে এক সংবাদ সম্মেলনে জানান, ভালুকের সমস্যা মোকাবিলায় জাপান এই মাসের শেষের দিকে জরুরি পদক্ষেপের একটি প্যাকেজ ঘোষণা করবে এবং আরও লাইসেন্সধারী শিকারি নিয়োগের পরিকল্পনা করছে। এর আগে সেপ্টেম্বরে, ভালুককে শহরাঞ্চলে গুলি করার জন্য বন্দুক আইন শিথিল করা হয়েছিল।
উল্লেখ্য, জাপানি ব্ল্যাক বিয়ার প্রায় ২৮৭ পাউন্ড পর্যন্ত হতে পারে। দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে থাকা ব্রাউন বিয়ার প্রায় ৪০০ কেজি পর্যন্ত হয়।



























