মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
- আপডেট সময় : ০৭:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে কাদেরাবাদ হাউজিংয়ের হাজী মকবুল হোসেন কলেজের পাশে অবস্থিত ১৪ তলা একটি ভবনের নিচ তলায় বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের দ্রুত পদক্ষেপে বেলা সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার পর ধোঁয়ায় একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আগুন লাগার পর ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, আগুন বেশি ছড়াতে পারেনি। দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও, ফায়ার সার্ভিস নাগরিকদের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরিদর্শনের পরামর্শ দিয়েছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।


























