ছেলেকে বিদেশ পাঠাতে এনজিও থেকে ঋণ, অতঃপর…
- আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজিমুন্নেসার মেয়ে মিম আকতার বলেন, ভাইকে বিদেশে পাঠানোর জন্য আমার মা বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নেন। পরে ওই ঋণের টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অনেকদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নিলেন মা।
তিনি আরও বলেন, আমরা ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোহাম্মদ ফারুক উদ্দিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকি। আমার বাবার নাম আব্দুল মজিদ মোল্লা। আমরা চার বোন এক ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



























