মাইক ভাড়া করে গালাগাল করার পর বিদেশযাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাব্বির
- আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
অবশেষে পূরণ হতে যাচ্ছে কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বির দীর্ঘদিনের স্বপ্ন—বিদেশে পাড়ি দেওয়ার। এক লাখ টাকার অভাবে বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল হোসেনপুরের সারোয়ার হোসেন রাব্বির। হতাশায় মাইক ভাড়া করে এলাকাবাসীর উদ্দেশে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ভাগ্য বদলে যায় সেখান থেকে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় নতুন আশার আলো দেখছেন তিনি। ব্যাংকটি তাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে, যা দিয়ে ইতোমধ্যে বিদেশযাত্রার প্রস্তুতিও সম্পন্ন করেছেন রাব্বি।
হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন রাব্বি দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আর্থিক টানাপোড়েন ঘোচাতে তিনি বহুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করে আসছিলেন। ভিসা হাতে পেলেও টাকার জোগাড় না হওয়ায় তার যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এনজিওসহ স্থানীয় বিভিন্ন জায়গায় সহায়তার আবেদন করেও ব্যর্থ হন তিনি।
গত ২৩ অক্টোবর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে দুই লাখ টাকার চেক হাতে পান রাব্বি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা পাইছি। আপনারা যদি সাহায্য না করতেন, হয়তো আর এই টাকাটা পেতাম না। ধন্যবাদ সবাইকে।
রাব্বি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। নতুন যাত্রার আগে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগের ক্ষোভের ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন।
গত ১৬ অক্টোবর বিদেশ যাওয়ার টাকা না পেয়ে ক্ষোভে তিনি ৫০০ টাকায় মাইক ভাড়া করে স্থানীয়দের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করার পর সেটি ভাইরাল হয় এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারিত হয়। এরপরই বিষয়টি প্রবাসী কল্যাণ ব্যাংকের নজরে আসে।
ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
রাব্বি বলেন, ভিসা হাতে পেয়েও টাকার জন্য যেতে পারছিলাম না। রাগে, হতাশায় মাইক ভাড়া করে যা বলেছি, সেটা আসলে কষ্ট থেকে বলা। প্রতিবেদন প্রকাশ না হলে হয়তো আজও আমি দেশে বসে কাঁদতাম। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে আমাকে ফোন করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর তারা আমাকে দুই লাখ টাকার ঋণ দিয়েছে। এখন টিকিট হাতে, ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি আরব যাচ্ছি।
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে রাব্বিকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়। দুই মাস পর থেকে কিস্তিতে তিনি ঋণ পরিশোধ শুরু করবেন। বিদেশগামী কোনো শ্রমিক আর্থিক সমস্যায় পড়লে আমাদের ব্যাংক তার পাশে থাকবে। যে কোনো সময় সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে।























