এক রাতে নদীগর্ভে বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার পারবিঞ্চপুর এলাকায় নবগঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এক রাতেই পারবিঞ্চপুর বাজারের অন্তত ১০টিরও বেশি দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও কৃষক পরিবারগুলো। হঠাৎ এ ভাঙনে বাজার সংলগ্ন গাছপালাও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (১ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙনের কারণে দোকানঘর হারিয়ে ব্যবসায়ীরা এখন দিশেহারা। কৃষি নির্ভর পরিবারগুলোও পড়েছে চরম সংকটে। বেকারত্ব বাড়ছে, বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা। ক্ষতিগ্রস্তরা বলছেন, প্রতিবছরই এখানে অস্থায়ী মেরামতের কাজ করা হয়, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না থাকায় বারবার একই বিপর্যয়ের শিকার হচ্ছেন তারা।
চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন স্থানীয় নারী দিলরুবা। তিনি বলেন, বছরের পর বছর চায়ের দোকান দিয়েই সংসার চালিয়েছি। হঠাৎ ভাঙনে আমার একমাত্র আয়ের উৎস নদীতে চলে গেছে। এখন আয়-রোজগারের কোনো পথ নেই। ছেলেমেয়েদের কীভাবে খাওয়াবো, সেই দুশ্চিন্তায় দিন কাটছে।
মুদি, চা ও কসমেটিকস দোকানের আরও কয়েকজন মালিক জানিয়েছেন, দোকানই ছিল তাদের একমাত্র ভরসা। এখন তারা পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দিশেহারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এ এলাকার টিকে থাকার কোনো সুযোগ নেই।
সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এভাবে বাজার ভেঙে গেলে পুরো এলাকার অর্থনীতি ভেঙে পড়বে। শুধু বাজার নয়, রাস্তা, মসজিদ, স্কুলসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না করলে অচিরেই পারবিঞ্চপুর বাজার মানচিত্র থেকে হারিয়ে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিনিধি পাঠানো হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।



























