মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে দেড় বছরের ইমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার নতুন চর দৌলতখান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি এম সোহেল রানা।
নিহত শিশুটি উপজেলার চর সাহেবরামপুর গ্রামের খলিল খাঁর মেয়ে। সে পরিবারের সঙ্গে মামা আমিনুর এর বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইমা পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের মামা আমিনুল ইসলাম বলেন, খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ইমা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি এম সোহেল রানা বলেন, পুকুরে ডুবে দেড় বছরের একটি শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।






















