বঙ্গোপসাগরে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫
- আপডেট সময় : ০৭:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে জেলেদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সাঙ্গু নদীর মোহনায় সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন জেলে গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা মাছ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আহত জেলে শওকত হোসেন (৩৫) আনোয়ারার বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, মাছ শিকারের পর তারা সাগর থেকে ফেরার পথে একদল ব্যক্তি নৌকায় হামলা চালায়। হামলাকারীরা প্রথমে পাথর ছুড়ে নৌকার দিকে আঘাত করে, পরে লাঠি ও ধারালো দা নিয়ে নৌকায় উঠে জেলেদের মারধর শুরু করে। হামলায় পাঁচজন জেলে রক্তাক্ত হন এবং কয়েকজনকে সাগরে ফেলে দেওয়া হয়। শওকতকে টেনে তুলে হামলাকারীরা নিজেদের বোটে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়।
হামলাকারীরা মাছ, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালামাল লুট করে পালিয়ে যায়। শওকত হোসেনের অভিযোগে বলা হয়েছে, হামলার নেতৃত্বে ছিলেন বাঁশখালীর প্রেমাশিয়া এলাকার ফিরোজ। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আনোয়ারা বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত এটি জেলেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ মনে হচ্ছে। জলদস্যুদের কোনো সংঘবদ্ধ উপস্থিতির প্রমাণ মেলেনি। দোষীদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
এই ঘটনার পর উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, সাগরে মাছ ধরার সময় প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হয়। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তবে জীবিকার পথ আরও সংকুচিত হবে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।



























