ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ
- আপডেট সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন এবং ট্রেনের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকালে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের কাজ চলায় রাতের সময়ে একতা এক্সপ্রেস শরৎনগর স্টেশনে থামানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় কিছু যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালান। পরে আরও যাত্রীরা ঝামেলা শুরু করলে স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা গ্রামবাসীর ওপর চড়াও হন। নজরুল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি মসজিদে আশ্রয় নেওয়ার পরও যাত্রীরা হামলা চালান।
পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামের মানুষকে সতর্ক করা হয়। মুহূর্তেই শত শত মানুষ একত্র হয়ে যাত্রীদের প্রতিহত করলে তারা পিছু হটে পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় দুই যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ আহত হন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি।























