বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বিদেশে পালানোর সময় মুরাদ হোসেন ভূঁইয়া নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক।
মুরাদের আটকের বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
গত বছরের ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হন মুরাদ। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।






















