কবরস্থানে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক
- আপডেট সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে একটি পারিবারিক কবরস্থানে হঠাৎ বিকট শব্দে পুঁতে রাখা অন্তত ১০টি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এতে কবরস্থানের এক কোণে বড় গর্ত তৈরি হয় এবং সীমানা প্রাচীরে ফাটল দেখা দেয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে কবরের ভেতর থেকে একসঙ্গে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে কবরের আশপাশে বারুদ ও বিস্ফোরণের আলামত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, একসঙ্গে অন্তত ১০টি হাতবোমা বিস্ফোরণ হয়েছে।
কবরস্থানের পাশে বসতবাড়ির মালিক মো. দুখুর স্ত্রী এরিনা বেগম বলেন, এটি আমাদের পারিবারিক কবরস্থান। সকালে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি কবরের দেয়ালে ফাটল ধরেছে আর চারপাশে বারুদ ছড়িয়ে আছে। কে বা কারা এখানে হাতবোমা পুঁতে রেখেছিল, তা আমরা জানি না।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পারিবারিক কবরস্থানে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























