ধামরাইয়ে পুলিশ নিয়োগে প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রতারণার অভিযোগে ঢাকার ধামরাইয়ে মো. উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার উজ্জল মিয়া
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. উজ্জ্বল মিয়া ওরফে জাহিদ ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামি স্বীকার করেছেন তিনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির প্রলোভন দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। জনপ্রতি ৮ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবে এমন শর্তে টাকা নিতেন তিনি। অনেকের চাকরি হতো, অনেকের হতো না। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন উজ্জল মিয়া।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, প্রতারক উজ্জ্বল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



























