স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হামলায় যুবক নিহত
- আপডেট সময় : ০৬:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
স্ত্রী মারা যাওয়ার ২২ দিন পর ডাকাতের হামলায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত মাহমুদুল্লাহ (৩০) কক্সবাজারের উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। তিনি ব্যক্তিগত কাজে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়রা জানান, মাত্র ২২ দিন আগে রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান। বাবা-মাও আগে মারা গেছেন। এখন তাদের দুই শিশুসন্তান পুরোপুরি অনাথ হয়ে পড়েছে। একের পর এক দুর্ঘটনায় পরিবারে চলছে মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাতরা মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামায়। এরপর তারা আরোহীদের ওপর হামলা চালায়। এ সময় মারাত্মকভাবে আহত হন মাহমুদুল্লাহ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। মহাসড়কে ডাকাতি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ডাকাতরা সক্রিয় হয়ে ওঠে। গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা নিয়মিত ঘটছে। তারা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।






















