যুক্তরাষ্ট্র থেকে বিয়ের আশায় এসে খুন হলেন নারী
- আপডেট সময় : ০৭:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাবে যুক্তরাষ্ট্র থেকে বিয়ের উদ্দেশ্যে আসা এক নারীকে খুন করা হয়েছে। নিহত কমল কৌর খাইরা (৭১) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। খাইরা নিখোঁজ হওয়ার পর তার বোন পান্ধর নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে অভিযোগ করলে তদন্ত শুরু হয়।
পুলিশ জানিয়েছে, লুধিয়ানায় বসবাসরত ইংল্যান্ডের নাগরিক চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে ভারতে এসেছিলেন খাইরা। তার সঙ্গে বিয়ের কথাও ঠিক হয়েছিল। ধারণা করা হচ্ছে, গ্রেওয়ালের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনায় সুখজিৎ সিং সোনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খাইরাকে হত্যা করে দেহ পুড়িয়ে ফেলার কথা স্বীকার করেছেন। হত্যার বিনিময়ে তাকে ৫০ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
লুধিয়ানা পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতীন্দর সিং জানান, পলাতক চরণজিৎ সিং গ্রেওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
























