পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ পান করিয়ে হত্যা, অতঃপর…
- আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মন্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে ঘটনা। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে খাইয়ে পরশ হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় বাগাতিপাড়া থানায় মৃতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে র্যাব।
র্যাব জানায়, প্রায় দুই বছর আগে আন্নি খাতুনের সঙ্গে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন এবং জোরপূর্বক বিষপান করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পরশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।’






















