ছাদ থেকে পানি পড়ায় আপন ভাইকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদ থেকে পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষের (৪৫) সঙ্গে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষের (৩০) দীর্ঘদিন ধরে ছাদের পানি পড়া নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বৃষ্টির পর এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ভাই গৌরাঙ্গ, কালা, যুগল এবং ভাতিজা নয়ন ও সৌরভ লাঠি দিয়ে আনন্দ ঘোষকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, ‘দিনে বৃষ্টি হয়েছিল। ছাদ থেকে পানি পড়া নিয়ে রাতে আমার দেবর ও ভাসুররা বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।’
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে আনন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’























