সকাল-সন্ধ্যা হরতাল চলছে পাবনার বেড়ায়
- আপডেট সময় : ০৬:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
পাবনা-১ সংসদীয় আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সর্বাত্মক হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সংগ্রাম কমিটি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে সকাল থেকে উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বন্ধ করা হয়েছে সড়ক, মহাসড়ক।
সকাল থেকে বেড়া উপজেলা হয়ে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি । বৃষ্টি উপেক্ষা করে মিছিল শ্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা।
সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপনে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে। বিষয়টি অপমানজনক ও ষড়যন্ত্র দাবি করে আন্দোলন করছেন বেড়া উপজেলাবাসী।






















