টিউলিপকে ফের দুদকের তলব
- আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশান-২-এর ১১ নম্বর রোডে ইস্টার্ন হাউজিং থেকে অর্থ পরিশোধ না করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ফের তলব করা হয়েছে তাকে।
রোববার (১৫ জুন) দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষর করা চিঠি টিউলিপের ঢাকার পাঁচটি ঠিকানায় এসব নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ২২ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রিমূলে দুটি ফ্ল্যাট দখল নেওয়ার অভিযোগ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। উল্লিখিত অভিযোগের বিষয়ে ২২ জুন দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য আপনাকে আবার সবিনয় অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে আপনি উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
এর আগে, গত ১৪ মে টিউলিপকে তলব করে চিঠি পাঠিয়েছিল দুদক। তবে তিনি বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেন যে, তিনি চিঠি পাননি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার পূর্বের ঠিকানাসহ আরও দুইটি নতুন ঠিকানাসহ মোট পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট থানার সহায়তায়, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তাদের মাধ্যমে চিঠিগুলো প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা হবে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘টিউলিপ চিঠি না পাওয়ার অভিযোগ করায় এবার নিশ্চিতভাবে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’


























