ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ৮ পুলিশ আহত
- আপডেট সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট–গ্রীন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত কয়েকজন। রমনা জোনের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ৭–৮ জন সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষের কেউই এখনও সংঘর্ষের সুস্পষ্ট কারণ জানাতে পারেনি।”
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, “বিনা কারণেই হামলা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর আগেও এমন ঘটনা ঘটেছে।” অন্যদিকে সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এখনও নিউমার্কেট ও গ্রীন রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে, মারামারি বন্ধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়তে গত ৯ নভেম্বর ডিএমপির উদ্যোগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়। ওইদিন ঢাকা কলেজ মিলনায়তনে উভয় কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং মিষ্টি খাইয়ে বন্ধুত্বের বার্তা দেয়।
‘শান্তিচুক্তি’ ভেঙে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ
কিন্তু ঠিক এক মাস পর আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।




























