ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সোনা চুরি
- আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বাদাউন জেলায় সোনার দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে মুহূর্তের মধ্যে তিনটি সোনার চেইন নিয়ে পালিয়েছেন এক দুর্বৃত্ত। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বাদাউনের একটি জুয়েলার্স দোকানে ঘটনাটি ঘটে। কালো জ্যাকেট ও জিন্স পরা ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই দোকানে ঢুকে টুলে বসে বিভিন্ন ডিজাইনের চেইন দেখছিলেন। দোকান মালিক তাকে প্রকৃত ক্রেতা ভেবে একের পর এক চেইন দেখাতে ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় দোকানে আরেক নারী ক্রেতা প্রবেশ করলে মালিক তার দিকে মনোযোগ দেন। সুযোগ বুঝে সেকেন্ডের মধ্যেই তিনটি সোনার চেইন হাতে নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর দোকান মালিক হতবাক হয়ে চিৎকার করতে থাকেন এবং দোকানের এক কর্মচারী চোরের পিছু নিলেও তাকে ধরতে পারেননি।
চুরি হওয়া চেইনগুলোর মূল্য প্রায় সাড়ে চার লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ ধরে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছে।
১৯ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিতভাবেই চুরিটি সংঘটিত হয়েছে এবং চোরের পরিচয় শনাক্তে ভিডিও বিশ্লেষণ চলছে। দোকান মালিক ও এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।



























