বাগমারা’য় প্রবাসীর imo হ্যাক, এআই ভিডিও দিয়ে পরিবারকে ব্ল্যাকমেইল
- আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
রাজশাহীর বাগমারায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সৌদি আরবে প্রবাসী স্বামীর তৈরি করা বলে একটি ভিডিও পাঠিয়ে উপজেলার চানপাড়া গ্রামের এক গৃহবধূর কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নিয়েছে ৫৫ হাজার টাকা। এ ঘটনায় গতকাল রোববার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই গৃহবধূ স্বপ্না খাতুন।
স্বপ্নার স্বামী হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করেন। স্বপ্নার অভিযোগ, গতকাল সকালে ইমো অ্যাপে স্বামীর নম্বর থেকে একটি ভিডিও কল আসে। কলটি রিসিভ করার পর তিনি দেখতে পান, হাফিজুরের হাত বাঁধা এবং তিনি কান্নাকাটি করছেন। ওইসময় প্রতারক দাবি করে—সৌদি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে ছাড়াতে হলে দ্রুত নগদ ৫৫ হাজার টাকা পাঠাতে হবে। না হলে তাকে কারাগারে পাঠানো হবে।
এরপর প্রতারকরা একটি মোবাইল ব্যাংকিং নম্বর পাঠায়। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে স্বপ্না প্রথমে একটি পরিমাণ টাকা পাঠান, পরে আরও অর্থ পাঠিয়ে মোট ৫৫ হাজার টাকা প্রদান করেন। তবে কিছু সময় পর পুনরায় ওই নম্বরে যোগাযোগ করতে গেলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।ঘটনায় সন্দেহ হলে স্বপ্না সরাসরি স্বামীর আসল নম্বরে কল দেন। তখন হাফিজুর জানান, তিনি নিরাপদে আছেন এবং কেউ তার ইমো নম্বর হ্যাক করে প্রতারণা করেছে।
স্বপ্না খাতুন বলেন, “স্বামী নিয়মিত ইমোতে কথা বলেন বলে বিষয়টি সত্যি ভেবেছি। ভিডিওতেও তাকে সত্যিকার মনে হচ্ছিল। তাই প্রতারিত হয়েছি।”
হাফিজুর রহমান সন্দেহ করছেন,পুরো ঘটনাটি বাংলাদেশ থেকেই পরিকল্পিতভাবে করা হয়েছে।এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।”
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ডিজিটাল প্রতারণার ধরন বদলাচ্ছে। আইটি বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন—বিশেষ করে পরিবারের নামে জরুরি অর্থ পাঠানোর অনুরোধ এলে সরাসরি যাচাই না করে টাকা পাঠানো থেকে বিরত থাকার কথা বলেছেন।





















