মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গবি শিক্ষকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতার-উল-আলম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া রোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আখতার-উল-আলম সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে ভাড়ারিয়া রোডে পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অবস্থা সঙ্কটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে দুপুর বারোটায় মরদেহ তার কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানেই মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। এরপর দাফনের জন্য তার জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার জানান, দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর মুহূর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন।
শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস সার্ভিস দেবে ডাকসু
এদিকে, আখতার-উল-আলমের মৃত্যুর খবরে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন শোক জানিয়েছেন।
উল্লেখ্য, আখতার-উল-আলম টাঙ্গাইলের ধনবাড়ির সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। গণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই তিনি কর্মরত ছিলেন এবং দীর্ঘ বছর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।



























