বিবাহবার্ষিকীর দিনেই মৃত্যুদণ্ডের রায় পেলেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০৯:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
জুলাই অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের সভাপতিত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল জানায়, মামলার তিন আসামির বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত পাঁচটি অভিযোগই নির্ভরযোগ্য সাক্ষ্য–প্রমাণের মাধ্যমে নিশ্চিত হয়েছে। রায়ে আদালত উল্লেখ করে, প্রতিটি অভিযোগের বিচারিক বিশ্লেষণ শেষে সেগুলো তিনটি আলাদা কাউন্টে ভাগ করে দণ্ড নির্ধারণ করা হয়েছে।
রায় অনুযায়ী, অভিযোগ নম্বর–১–এ ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি অভিযোগগুলোতে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। আদালত মন্তব্য করে যে, অভিযুক্তদের অবস্থান, ক্ষমতা ও কার্যক্রম তাদের দায় আরও ভারী করে তুলেছে।
রায় ঘোষণার সময় আদালতকক্ষ ছিল ভিড়ে পরিপূর্ণ। উপস্থিত আইনজীবী ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও অভ্যুত্থানকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্যও রায় প্রত্যক্ষ করেন।

























