মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফুল কুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) ও আবদুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন।রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে বাড়ির পাশে ফুলকুমার নদীতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা।
এলাকাবাসী জানায়, আবির ও তাবাসসুম বাড়ির পাশে পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী হাফেজিয়া মাদরাসায় পড়ালেখা করে। এ দিনও তারা মাদরাসায় গিয়ে পাঠ নেওয়ার এক ফাঁকে তাদের অপর আরেক সহপাঠীকে নিয়ে ফুলকুমার নদীর তীরে বেড়াতে যায়। সেখানে গিয়ে নদীতে একটি জাল বসানো দেখতে পেয়ে মাহাবুরকে তীরে রেখে তারা দুজন কৌতূহলবশত মাছ ধরতে নামে। সেখানেই ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ তাদের উঠতে না দেখে কিনারে দাঁড়িয়ে থাকা মাহাবুর আশেপাশের লোকজনকে বিষয়টি জানায়।
পরে স্থানীয়রা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে পৌছার আগে এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টাখানেক পর অপর শিশু ইব্রাহীম আলীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তিনজন শিশু নদীতে মাছ ধরতে গিয়েছিলো তাদের দুজন সম্পর্কে মামাতো–ফুপাতো ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর তথ্যমতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ওই দুজন শিশু। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















