অ্যাম্বুলেন্সচালকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ৩ মিনিট ৩৮ সেকেন্ড দীর্ঘ ওই ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্স চালক বিপ্লব সরদার গোপন একটি জরাজীর্ণ কক্ষে ইয়াবা সেবন করছেন। এ সময় তার পাশে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব সরদার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের আতিয়ার নামের ব্যক্তির মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স চালান এবং নিয়মিতভাবে বোয়ালমারী থেকে ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে রোগী পরিবহন করেন। বিপ্লব দক্ষিণ কামার গ্রামের মিলু সরদারের ছেলে।
সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন, মাদকাসক্ত চালকের হাতে রোগী পরিবহন করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে রোগী ও তাদের পরিবার যে কোনো সময় বড় বিপদের মুখে পড়তে পারে।
বিপ্লব সরদার জানিয়েছেন, ‘ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরনো ভবনে ঘটে। সেখানে অনেকেই ইয়াবা সেবন করেন। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মান্না নামের একজন ইয়াবা সেবন করছেন, শখের বশে আমি তাদের সঙ্গে ইয়াবা সেবন করি এবং ভিডিও করার জন্য অনুরোধ করি। পরে হয়তো আমার ক্ষতি করার উদ্দেশ্যে ভিডিওটি ভাইরাল করেছে।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, অ্যাম্বুলেন্সটি ব্যক্তি মালিকানাধীন হলেও বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা বিষয়টি প্রশাসনের কাছে জানাবো।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে কথা বলে চালককে চাকরিচ্যুত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, নেশাগ্রস্ত ব্যক্তি কোনো যানবাহন চালাতে পারবেন না, বিশেষ করে জরুরি সেবামূলক গাড়ি যেমন অ্যাম্বুলেন্স। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
অ্যাম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের বিষয়টি স্বাস্থ্যসেবা ও জনসাধারণের জন্য বড় ধরনের সঙ্কেত স্বরূপ। দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।






















