ছবি: সংগৃহীত
দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির খান্ডোয়া জেলার পান্ধানা শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন সন্ধ্যায় শোভাযাত্রাসহ একটি ট্রাক্টর-ট্রলিতে করে জলাশয়ের ধারে নিয়ে যাওয়া হয় বিশাল এক প্রতিমা। এ সময় ট্রলিটি হঠাৎ ভারসাম্য হারিয়ে সেটি পুকুরে উল্টে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন।
শুক্রবার (৩ অক্টোবর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
এ ঘটনায় ইতোমধ্যে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একইসঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এককালীন সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
জানা যায়, পান্ধানা এলাকার অরডালা গ্রামে পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দশমীর রাতে স্থানীয় পুকুর ধারে যান। কিন্তু, দুর্ঘটনাক্রমে পুকুরের মধ্যে নেমে পড়া ট্রাক্টর-ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে গভীর পানিতে উল্টে পড়ে যায়। ট্রলিতে তখন প্রতিমার সঙ্গে ২০ থেকে ২৫ জন ছিলেন।
খান্ডোয়ার পুলিশ জানিয়েছে, নিহতের মধ্যে ৭ জন কিশোরী ও চারজন তরুণ। এ ঘটনায় আহত আরও তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সবার বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে।
সরকারি সূত্র জানায়, স্থানীয় পুলিশ ড্রাইভারকে আগাম সতর্ক করে দিয়েছিল। পানিতে নরম কাদামাটির মধ্যে ট্রাক্টর নিয়ে যেতেও নিষেধ করা হয়। কিন্তু, আনন্দের আতিশয্যে সেই সতর্কতামূলক নির্দেশনা মানা হয়নি।
দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, পানির নিচে কোনো পাথরে চাকা বেধে যাওয়ায় ট্রলিটি উল্টে যায়। ট্রলিতে থাকা ব্যক্তিদের বেশিরভাগই সাঁতরে উঠে আসতে পারলেও ১১ জন উঠে আসতে পারেননি এবং সময়মতো তাদের উদ্ধার করাও সম্ভব হয়নি।