ছবি:সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই মাদরাসার শিক্ষক আশিকুর রহমানকে (২৬) আটক করে পাঠানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শোবার ঘরে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি শিক্ষককে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। এ বিষয়ে গত শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর নানা বলেন, এই শিক্ষক আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমার নাতনি কৌশলে তার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা বিষয়টি জানালে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আমরা এ ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোন ছাত্রী এমন ঘটনার শিকার না হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মাদরাসা শিক্ষক আশিকুর রহমানকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।