ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে মুকসুদপুরে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামে দুই ডাব চোরের মারধরে গাছ মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ওই দুই ডাব চোরকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামে স্থানীয় দুই যুবক রাতে গাছের ডাব চুরি করতে যায়। এটা দেখে ফেলেন গাছের মালিক মোয়াজ্জেম শিকদার। তিনি চুরি করা অবস্থায় তাদের ধরে ফেলেন। চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে মোয়াজ্জেম শিকদারকে
এলোপাতাড়িভাবে কিল-ঘুসি মারার এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ওই দুই ডাব চোর সিন্দিয়াঘাট পুলিশ হেফাজতে আছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।